ডেস্ক রিপোর্ট, দৈনিক কুমিল্লা ফোকাস:
দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং বাকি ৭০৮ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯০৪ জন উপসর্গ নিয়ে ভর্তি বা চিকিৎসার জন্য এসেছেন, যাদের মধ্যে ৮৩৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সেবা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে মোট ১৪ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তবে চিকিৎসা নিতে আসা সব রোগীর পরীক্ষা না হওয়ায় আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।