
কুমিল্লার ফোকাস ডেস্ক:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে খোকন ওরফে ল্যাংড়া খোকন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে পাশের বরুড়া উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ফুটপাতে ঘুমন্ত মধ্যবয়সী ওই নারীকে ধর্ষণ করছেন। বাধা দিয়েও ওই নারী নিজেকে রক্ষা করতে পারেননি।
স্থানীয়দের দাবি, আটক খোকন এলাকায় চিহ্নিত জুয়াড়ি এবং স্থানীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, খোকন দলের কোনো পদধারী নেতা নন এবং অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।