
কুমিল্লার ফোকাস ঃ
বরিশাল নগরীর একটি আবাসন কোম্পানির কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে মারধর করে শরীরের স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক ও স্ট্যাম্প স্বাক্ষর নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক লুৎফুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর ৯ নম্বর ওয়ার্ড কাটপট্রি রোডের শাহজাহান খানের ছেলে মোস্তাফিজুর রহমান লিটু (৫২) এবং ১৩ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া এলাকার আবুল কালাম আজাদ (৫৫)।
পুলিশ জানায়, ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার তার কক্ষে বসে ছিলেন। এ সময় চারজন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তাকে মারধরের একপর্যায়ে মোস্তাফিজুর রহমান আবদুল আজিজের স্পর্শকাতর স্থান চেপে ধরেন।
আবদুল আজিজের অভিযোগ, দুটি সাদা চেক ও দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিতে তাকে চাপ দেওয়া হয়। পরে তিনি তাতে স্বাক্ষর করেন।
ঘটনার পর আব্দুল আজিজ হাওলাদার আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক লুৎফুর রহমান বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর আদালতে করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। পরে রোববার দুপুরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।