

মাসে ৬০৫ খুন: অধিকাংশই ব্যক্তিগত বিরোধে, ১০০ দিনের তথ্য সঠিক নয়
স্টাফ রিপোর্টার: দেশে ১০০ দিনে ৬০৫টি হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল সোমবার এক বিবৃতিতে তারা জানায়, এই ৬০৫টি খুনের ঘটনা ১০০ দিনের নয়, বরং গত মার্চ ও এপ্রিল—এই দুই মাসে নথিভুক্ত হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের সিংহভাগই ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। এর মধ্যে পূর্ব শত্রুতার জেরে ৩৩৬টি (৫৫.৫%), পারিবারিক কলহে ১৪৬টি (২৪.১%) এবং সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি (১১.৪%) মামলা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক কারণে মাত্র ৩টি এবং ছিনতাইয়ের ঘটনায় ৬টি খুন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত এক দশকে দেশে বার্ষিক খুনের মামলার সংখ্যা তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে ছিল। সেই তুলনায় দুই মাসে ৬০৫টি হত্যাকাণ্ডের হার অতীত প্রবণতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। ১৮ কোটি জনসংখ্যার দেশে প্রতি লাখে এই অপরাধের হার মাত্র ০.৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ নয়। ৫ আগস্টের পর মামলা নথিভুক্তকরণে স্বচ্ছতা ও সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তথ্য সংরক্ষণ আরও ইতিবাচক হয়েছে বলে দাবি করেছে পুলিশ।