
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও কথিত কিশোর গ্যাং ‘বিকেজি (BKG)’-এর লিডার মো. ছাব্বির (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ছাব্বির ওই এলাকার আবদুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৭ নম্বর আসামি ছাব্বির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।