নিজস্ব প্রতিবেদক, দৈনিক কুমিল্লা ফোকাস
চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প ব্যয় এক লাফে ৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত এই প্রকল্প প্রস্তাব অনুমোদন পায়।
সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ডলারের মূল্যে বড় ধরনের পরিবর্তন এবং সেই অনুযায়ী ভ্যাট ও ট্যাক্সের হিসাব পুনর্বিন্যাসই খরচ বাড়ার মূল কারণ। এছাড়া ডিপিপিতে মূল পরিকল্পনায় না থাকা বেশ কিছু ইউটিলিটি লাইন স্থানান্তর এবং নতুন পাঁচটি অঙ্গ সংযোজনের কারণেও ব্যয় বৃদ্ধি পেয়েছে।
২০১৭ সালে শুরু হওয়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা, যার মধ্যে চীনের অর্থায়ন ছিল ১০ হাজার ৯৪৯ কোটি টাকা। পরবর্তীতে ২০২২ সালে প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকায়। সর্বশেষ একনেক সভায় আরও ৯ হাজার ৪৯২ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানোয় প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৭ লাখ টাকা। ফলে সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ৭৬ শতাংশ বেড়ে ১৩ হাজার ৮০৩ কোটি টাকা এবং চীনের অর্থায়ন ৩৭ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৪২ কোটি টাকা নির্ধারিত হয়েছে।
একনেকে আরও ৮ প্রকল্প অনুমোদন
বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ছাড়াও আরও আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:
সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (১ম সংশোধন): ৩৬৮ কোটি টাকা বাড়িয়ে নতুন ব্যয় ১,৪৫০ কোটি টাকা।
বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প: নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৯২ কোটি টাকা।
পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প: বরাদ্দ ২,০৮২ কোটি টাকা।
দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন (৩য় সংশোধন): ১,০২৩ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, সিলেট বিভাগ (৩য় সংশোধন): ১১৭ কোটি টাকা কমিয়ে বর্তমানে ব্যয় ১,৭২৩ কোটি টাকা।
গ্যাস অনুসন্ধান ও খনন: বেগমগঞ্জ-৫, বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ কূপ খননে ৭২৯ কোটি টাকার প্রকল্প।
ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ (২য় সংশোধন): ৮১ কোটি টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় করা হয়েছে ৩৭৫ কোটি টাকা।
এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ১১টি সমাপ্ত ও চলমান প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।