
কুমিল্লার ফোকাস: রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার (২৭ জুন) রাতে বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও একটি তরবারি উদ্ধার করা হয়।
আজ রবিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত খোকন মুন্সী ও সজীব ব্যাপারীর দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা মডেল টাউন থেকে অস্ত্রসহ শামীম পাটালিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান থেকে শাকিউল করিম ও আরিফ এবং বাবর রোড থেকে হৃদয় ও নয়নকে আটক করা হয়। এর আগে ২৪ জুন রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল ও শাকিলকে।
র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের সর্বস্ব লুট করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার আলোচিত ঘটনারও আসামি শামীম পাটালিসহ তার সহযোগীরা।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।