ছাত্রত্ব শেষ: শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেত

কুমিল্লার ফোকাস ঃ ছাত্রত্ব শেষ হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ৯ জন নেতা সংগঠন থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায় নেওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানান, "সংগঠনে বছরে দুই বার— ষাণ্মাসিক ও বাৎসরিক ছুটি বা বিদায়ের নিয়ম রয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রত্ব শেষ হওয়া এই ৯ নেতাকে বিদায় দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শূন্য পদগুলো পুনরায় পূরণ করা হবে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম লেখেন, "সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো এই কাফেলার সাথে কেটেছে।"
এদিকে বিদায় নেওয়া নেতাদের কয়েকজন ভবিষ্যতে মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা ও মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী জানান, ছাত্রজীবন শেষে এখন তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে কাজ করতে চান।