জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
কুমিল্লার ফোকাস | ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও জীবনমান নিশ্চিতকরণে কাজ করছে সরকার।”
হত্যাকারীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি আইনি প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, সে বিষয়েও আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, বিচারের নামে কারও প্রতি যেন কোনো অবিচার না হয়।
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তাঁর প্রতি হওয়া অন্যায়ের বিচার করতে গিয়ে আমরা যদি অন্য কারও ওপর অবিচার করে ফেলি, তবে সেই বিদায়ী আত্মা ওপার থেকে শান্তি পাবে না। তাই আইনের সকল নিয়ম বজায় রেখে, প্রয়োজনে কিছুটা সময় নিয়ে হলেও প্রকৃত অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে।”