
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক 'ইসলামী ব্যাংক বাংলাদেশ'-এ সাময়িক অস্থিরতা ও গ্রাহকদের টাকা তোলার চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি তারল্য সহায়তা হিসেবে ব্যাংকটিকে ২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত দুই দিনে ব্যাংকটি থেকে দৈনিক গড়ে নিট ১,২০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনসহ শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ভারপ্রাপ্ত এমডি জানান, আরটিজিএসসহ অনলাইনের বড় পেমেন্টে কিছুটা সমস্যা হলেও কেন্দ্রীয় ব্যাংক আগামীতেও তাদের তারল্য সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছে।